ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খামেনির স্মরণে গঠিত বিশেষ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহররম মাসের প্রথম দশ দিন শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
![]() |
| ছবি: সংগৃহীত |
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, খামেনির স্মরণসভা, জানাজা এবং দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে।
বিবৃতিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অনির্ভরযোগ্য তথ্যের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির দাবি, জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে ছড়ানো অনেক তথ্যের কোনো সত্যতা নেই এবং এসব বিভ্রান্তিকর প্রচারণা মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করছে।
কমিটি আরও জানায়, ইমাম হুসাইনের স্মরণে মহররমের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের শ্রদ্ধা ও অঙ্গীকারের বিষয়টি বিবেচনায় রেখে আশুরার পর জানাজা ও দাফনের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা বলছেন, শোকাহত মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা, পরিবহন ও অন্যান্য লজিস্টিক প্রস্তুতি সমন্বয় করা হচ্ছে। চূড়ান্ত সময়সূচি ও অনুষ্ঠানের বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সূত্র: মেহের নিউজ
