কক্সবাজারে ডাকাতির ঘটনায় মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

 কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতির সময় মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আলোচিত এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে।

ছবি: সংগৃহীত

সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, রাত আড়াইটার পর ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। ওই সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না।

অভিযোগ অনুযায়ী, ডাকাতদলের সদস্যরা ঘরে থাকা এক নারী ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের ওপর নির্যাতন চালায়। পরে নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে তারা পালিয়ে যায়।

ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে মেয়েটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়। তদন্তে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত ১০ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

নতুন খবর