মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়তে পারে এমন আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতে জড়ালে ইসরায়েলকে এককভাবেই পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
![]() |
| ছবি: সংগৃহীত |
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানান যে, আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাকে সতর্ক থাকতে হবে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কথোপকথনের একপর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “তোমাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় খুব দ্রুতই তুমি একা হয়ে যেতে পারো।” বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ওয়াশিংটন ইসরায়েলকে নতুন সংঘাত এড়ানোর বার্তা দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, সাম্প্রতিক এই ফোনালাপ আগের কয়েকটি আলোচনার তুলনায় অনেক বেশি শান্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। যদিও অতীতে দুই নেতার মধ্যে ইরান ইস্যুতে মতপার্থক্যের খবরও সামনে এসেছিল।
এদিকে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার পর ইরান ও ইসরায়েল উভয় পক্ষই আপাতত হামলা বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে। তবে কোনো পক্ষ নতুন আক্রমণের শিকার হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ইসরায়েল বলেছে, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। অন্যদিকে ইরানও সতর্ক করে জানিয়েছে, লেবানন বা হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলা হলে তারা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।
এর আগে ট্রাম্প প্রকাশ্যে ইরান ও ইসরায়েল উভয়কেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছিলেন। তার মতে, চলমান উত্তেজনা আরও বিস্তৃত হলে তা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করবে।
উল্লেখ্য, সোমবার ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়। একই সময়ে ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইরানের বিরুদ্ধে নতুন হামলা থেকে বিরত থাকে ইসরায়েল।
