‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে ১২টি প্রধান খাতে মোট ৭১টি সুনির্দিষ্ট নীতিগত প্রস্তাবনা তুলে ধরেছে দলটি। একই সঙ্গে ব্যাংক খাত ও গভর্নর নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে রাজধানীর রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির ছায়া বাজেট কমিটির উদ্যোগে এই প্রস্তাবনাগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগের রেখে যাওয়া একটি সংকটাপন্ন অর্থনীতি পেয়েছে। দেশে খেলাপি ঋণ এখন ৩০ শতাংশের বেশি। প্রতিবছর জ্বালানি আমদানিতেই দেড় লাখ কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে, যার সঙ্গে যোগ হয়েছে অপব্যবহারমূলক ক্যাপাসিটি চার্জের বোঝা।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে পরিসংখ্যান বিকৃত করে অর্থনীতির প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল।