গ্রেফতারের পর ব্রাজিলের জার্সির লোগো ঢেকে রাখলেন ডাকাত দলের সদস্য, ভিডিও ভাইরাল

 

ছবি: সংগৃহীত


বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া এক ব্যক্তির অদ্ভুত আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকদের সামনে হাজির করার সময় তিনি নিজের পরনে থাকা ব্রাজিল ফুটবল দলের জার্সির লোগো হাত দিয়ে ঢেকে রাখেন। অনেকেই ঘটনাটিকে ব্রাজিল দলের ভাবমূর্তি রক্ষার চেষ্টার সঙ্গে তুলনা করছেন।

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ইমরান হোসেন, সোহেল, রাব্বী হাসান ও মো. হালিম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র ডাকাতির পরিকল্পনা করছে। এরপর তিরিগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে চারজনকে আটক করা সম্ভব হলেও দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি রেঞ্জ এবং দুটি গামছা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা শিবগঞ্জ ও নন্দীগ্রাম এলাকায় বিভিন্ন সময় ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে, গ্রেফতারের পর ব্রাজিলের জার্সির প্রতীক আড়াল করার দৃশ্যটি ভিডিওতে ধরা পড়লে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন