ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাবে বাংলাদেশিদের অবস্থান শীর্ষে, সবচেয়ে কম ভারতীয়দের

 

ছবি: সংগৃহীত


পিউ জরিপ: ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাবে শীর্ষে বাংলাদেশিরা, সবচেয়ে কম ভারতীয়রা

বিশ্বের অধিকাংশ দেশের মানুষের মধ্যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বাংলাদেশসহ ৩৬টি দেশের বেশিরভাগ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করেন। একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপরও তাদের আস্থা কম।

গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত জরিপে বিভিন্ন দেশের হাজারো মানুষের মতামত সংগ্রহ করা হয়। জরিপের অধিকাংশ সাক্ষাৎকার নেওয়া হয় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর।

ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব

জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অন্যদিকে দেশগুলোর গড়ে মাত্র ২৫ শতাংশ মানুষ ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এই বিরূপ মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে। তুরস্কে ৯৭ শতাংশ, পাকিস্তানে ৯৫ শতাংশ, মালয়েশিয়ায় ৮৯ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৮৬ শতাংশ এবং ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৮৫ শতাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। বাংলাদেশে এ হার ৭৯ শতাংশ।

ইউরোপের দেশগুলোর মধ্যেও ইসরায়েল সম্পর্কে সমালোচনামূলক মনোভাব লক্ষ করা গেছে। নেদারল্যান্ডস, স্পেন ও ইতালির বিপুলসংখ্যক মানুষ জানিয়েছেন, ইসরায়েলের প্রতি তাদের মনোভাব অত্যন্ত নেতিবাচক। যুক্তরাষ্ট্রেও ৬০ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

এ ছাড়া উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে বয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব তুলনামূলক বেশি দেখা গেছে।

তবে জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ইসরায়েল সম্পর্কে সবচেয়ে কম নেতিবাচক মনোভাব পাওয়া গেছে ভারতে। সেখানে মাত্র ২৮ শতাংশ মানুষ ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখেন। এছাড়া ঘানা, নাইজেরিয়া ও শ্রীলঙ্কাতেও তুলনামূলকভাবে বিরূপ মনোভাব কম।

নেতানিয়াহুর ওপর আস্থাহীনতা

জরিপে অংশ নেওয়া অধিকাংশ দেশের মানুষ জানিয়েছেন, আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাদের আস্থা নেই।

এই অনাস্থার হার সবচেয়ে বেশি তুরস্কে, যেখানে ৯৫ শতাংশ মানুষ নেতানিয়াহুর ওপর আস্থা প্রকাশ করেননি। পাকিস্তানে এ হার ৯২ শতাংশ, মালয়েশিয়ায় ৯১ শতাংশ এবং বাংলাদেশে ৯০ শতাংশ।

এছাড়া ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও যুক্তরাষ্ট্রেও অধিকাংশ মানুষ নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছেন।

পিউ রিসার্চ বলছে, জরিপে অন্তর্ভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেক বা তার বেশি মানুষের মত হলো, নেতানিয়াহুর ওপর তাদের ‘একেবারেই আস্থা নেই’। তবে এ ক্ষেত্রেও সবচেয়ে কম অনাস্থা দেখা গেছে ভারতে, যেখানে ২৭ শতাংশ মানুষ নেতানিয়াহুর প্রতি আস্থা না থাকার কথা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে ইসরায়েল ও দেশটির নেতৃত্ব সম্পর্কে জনমতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন