![]() |
| ছবি: সংগৃহীত |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখনো যুদ্ধ অবসানের চুক্তিতে রাজি হচ্ছে না, কারণ দেশটির নেতৃত্ব মনে করছে তারা শক্ত অবস্থানে রয়েছে। তবে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো ছাড়া তেহরানের সামনে অন্য কোনো কার্যকর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান সংঘাত দ্রুত শেষ হওয়া উচিত। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পক্ষে যারা মত দিচ্ছেন, তাদের সঙ্গে তিনি একমত নন। তার ভাষ্য, দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
ট্রাম্পের দাবি, সাম্প্রতিক সামরিক অভিযানে ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, দেশটির কিছু ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামো এখনো অক্ষত রয়েছে। এ কারণেই ইরান নিজেদের অবস্থানকে পুরোপুরি দুর্বল মনে করছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই আলোচনার মাধ্যমে সমাধানই সবচেয়ে বাস্তবসম্মত পথ। ট্রাম্পের মতে, শক্তি প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ।
এদিকে মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সম্প্রতি কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ইরানের সামরিক সক্ষমতা, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সংঘাতের পর উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
