সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

 সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি ওই বক্তব্যকে আপত্তিকর, অপমানজনক এবং জাতীয় মর্যাদার পরিপন্থী বলে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, বক্তব্য দেওয়ার কয়েকদিন পেরিয়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা, সংশোধন বা দুঃখপ্রকাশ পাওয়া যায়নি। একই সঙ্গে সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে অনেকের কাছে এ মন্তব্যই সীমান্ত হত্যা প্রসঙ্গে সরকারের অবস্থান হিসেবে প্রতীয়মান হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এনসিপি আহ্বায়ক বলেন, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের প্রাণহানির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং মানবাধিকার সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ ধরনের ঘটনায় দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য আরও সতর্ক ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।

বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বিভিন্ন বৈশ্বিক নীতিমালার কথাও তুলে ধরা হয়। সেখানে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কাঠামো এবং জেনেভা কনভেনশন অনুযায়ী নিরস্ত্র বেসামরিক মানুষের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন বা প্রাণঘাতী শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয়। এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতেও সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র প্রয়োজনীয় ও আনুপাতিক মাত্রায় বলপ্রয়োগ করতে পারে। অতিরিক্ত বা নির্বিচার প্রাণঘাতী শক্তি ব্যবহার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন