টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক ব্যতিক্রমী পারিবারিক ঘটনার খবর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে ওই ব্যক্তির স্ত্রীকে বিয়ে করেছেন ক্ষতিগ্রস্ত স্বামী।
![]() |
| ছবি: সংগৃহীত |
উপজেলার পেকুয়া গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান সিরাজ।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পেকুয়া গ্রামের বাসিন্দা হাসান মিয়ার সঙ্গে প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একই এলাকায় একটি এনজিওতে বাবুর্চি হিসেবে কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। প্রতিবেশী হওয়ায় রাজুর সঙ্গে হাসানের পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়।
একপর্যায়ে রাজু মিয়া ও জহুরা আক্তারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। পরে গত ৭ মে জহুরাকে নিয়ে রাজু মিয়া এলাকা ছেড়ে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হাসান।
হাসান মিয়ার দাবি, তার স্ত্রীকে নিয়ে যাওয়ার ঘটনার জবাব দিতেই তিনি রাজুর স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসেন। পরে চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে ওই নারীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে এনে বিয়ে করেন তিনি।
ঘটনার বিষয়ে হাসান মিয়া বলেন, “সে আমার স্ত্রীকে নিয়ে গেছে, তাই আমিও তার স্ত্রীকে বিয়ে করেছি। আমি মনে করেছি, এটাই তার কাজের উপযুক্ত জবাব।”
অন্যদিকে অভিযোগের বিষয়ে রাজু মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
সূত্র : চ্যানেল২৪
