আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দল।
![]() |
| ছবি: সংগৃহীত |
নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। প্রায় ৩৯ দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের জন্যই থাকছে আর্থিক পুরস্কার।
ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপের জন্য মোট ৮৭১ মিলিয়ন ডলার প্রাইজমানি বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৩ কোটি টাকার সমান। অন্যদিকে রানার্সআপ দল ঘরে তুলবে ৩৩ মিলিয়ন ডলার।
তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ২৯ মিলিয়ন এবং ২৭ মিলিয়ন ডলার পাবে। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯ মিলিয়ন ডলার করে।
শেষ ষোলোতে জায়গা করে নেওয়া প্রতিটি দল পাবে ১৫ মিলিয়ন ডলার। আর রাউন্ড অব ৩২-এ পৌঁছানো দলগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে ১১ মিলিয়ন ডলার করে পুরস্কার।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও কোনো দল খালি হাতে ফিরবে না। টুর্নামেন্টে অংশ নেওয়া এবং গ্রুপ পর্বে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার করে।
বিশ্বকাপের সম্প্রসারিত এই আসরে যেমন বাড়ছে ম্যাচের সংখ্যা, তেমনি বেড়েছে আর্থিক পুরস্কারের পরিমাণও। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি কোটি কোটি ডলারের প্রাইজমানিও দলগুলোর জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে।
