চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার স্পেনকে চ্যাম্পিয়ন দেখছে ইএ স্পোর্টস

ফুটবল বিশ্বকাপের শেষ চারটি আসরে চ্যাম্পিয়ন দল নিয়ে করা পূর্বাভাস হুবহু মিলে যাওয়ায় আলোচনায় রয়েছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। এবারও তাদের সর্বশেষ সিমুলেশনে বিশ্বকাপ জয়ের সম্ভাব্য দল হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।

ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, অতীতের ধারাবাহিক সাফল্যের পর এবারও তারা বিশ্বকাপের ফলাফল নিয়ে সিমুলেশন চালিয়েছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, আগামী আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেন।

ইএ স্পোর্টসের এই পূর্বাভাস তৈরি করা হয় বিশেষ সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে। খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স, দলের শক্তিমত্তা, কৌশলগত ধরণ এবং বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা হয়।

বিশ্বকাপ নিয়ে প্রতিষ্ঠানটির পূর্বাভাসের ইতিহাসও বেশ চমকপ্রদ। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলে আগেই ধারণা দিয়েছিল তারা। পরে বাস্তব ফলাফলেও সেই দলগুলোই শিরোপা জেতে।

এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। আগামী ১১ জুন টুর্নামেন্ট শুরু হবে, আর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১২ জুলাই।

ইএ স্পোর্টসের নতুন এই পূর্বাভাস ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তাদের ধারাবাহিক সাফল্য বজায় থাকে নাকি মাঠের লড়াইয়ে অন্য কোনো দল বাজিমাত করে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

নতুন খবর