চলমান সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, আপাতত অভিযান স্থগিত করা হলেও ভবিষ্যতে যেকোনো হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
![]() |
| ছবি: সংগৃহীত |
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননসহ অন্য কোনো এলাকায় যদি ইসরায়েলি হামলা অব্যাহত থাকে, তাহলে তেহরান আগের চেয়ে আরও শক্ত প্রতিক্রিয়া দেখাবে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে।
দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলার পর ইরান সামরিক পদক্ষেপ শুরু করেছিল। পরে এর পাল্টা জবাবে ইসরায়েলও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
এ অবস্থায় ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আগেই সতর্ক করে দিয়েছিল, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার জবাব দেওয়া হবে। তাদের দাবি, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সব পক্ষেরই সংযম দেখানো প্রয়োজন।
ইরান আরও জানিয়েছে, লেবাননকে ঘিরে যে কোনো সমঝোতা বা যুদ্ধবিরতিকে তারা বৃহত্তর আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করে। তাই যুদ্ধবিরতির কার্যকারিতা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তবে হামলা বন্ধের ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সংঘাতের স্থায়ী সমাধানে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাচ্ছে।
সূত্র: বিবিসি
