বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ওয়েসলি। তার পরিবর্তে জাতীয় দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এডারসনকে, যিনি ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন।
![]() |
| ছবি: সংগৃহীত |
২৬ বছর বয়সী এডারসন বর্তমানে ইউরোপের অন্যতম আলোচিত মিডফিল্ডার। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জনও জোরালো হয়েছে। ওয়েসলির পরিবর্তে ডাক পাওয়ার পর তিনি দ্রুত ব্রাজিল দলের সঙ্গে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খুব বেশি সুযোগ পাননি এডারসন। ব্রাজিলের জার্সিতে তিনি মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। সবগুলোই সাবেক কোচ দরিভাল জুনিয়রের অধীনে। বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনও মাঠে নামা হয়নি তার।
ক্লাব ফুটবলে অবশ্য নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই মিডফিল্ডার। ইতালির আতালান্তার হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২৪ সালে ইউরোপা লিগ জয়ে অবদান রাখেন এবং ইতালিয়ান কাপের ফাইনালেও খেলেন। আতালান্তার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১৬ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।
এডারসনের পেশাদার ক্যারিয়ারের শুরু ব্রাজিলে। ২০১৭ সালে দেসপোর্তিভো ব্রাজিলের নজরে আসার পর তিনি ক্রুজেইরোর যুব দলে যোগ দেন। ২০১৯ সালে সিনিয়র পর্যায়ে অভিষেক হলেও ক্লাবটির কঠিন সময়ের মধ্যে পড়েন। পরে করিন্থিয়ান্সে যোগ দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। এরপর ফোর্তালেজায় ধারে খেলে ইউরোপের নজরে আসেন।
২০২২ সালে ইতালির সালেরনিতানায় পাড়ি জমান এডারসন। সেখানে অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আতালান্তার দৃষ্টি আকর্ষণ করেন। পরে প্রায় ২ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়ায় আতালান্তা।
ওয়েসলির ইনজুরির কারণে ব্রাজিলের রক্ষণভাগে কিছুটা চাপ তৈরি হলেও এডারসনের অন্তর্ভুক্তি মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বল দখল, রক্ষণে সহায়তা এবং আক্রমণ গঠনে সমান দক্ষ এই ফুটবলারকে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামা সেলেসাওদের জন্য এডারসনের অন্তর্ভুক্তি নতুন আশার সঞ্চার করেছে।
