ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সোমবার সকালে একাধিক দফায় এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
![]() |
| ছবি: সংগৃহীত |
স্থানীয় সময় অনুযায়ী, সকাল ১০টার কিছু পর প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর অল্প সময়ের ব্যবধানে আরও কয়েকটি মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বশেষ হামলাগুলোর লক্ষ্য ছিল দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকা, যার মধ্যে বীরশেবা অন্যতম। হামলার পর বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও আঞ্চলিক উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে লেবাননকে কেন্দ্র করে ইসরায়েল ও ইরানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ করে তেল আবিব। এর জবাবে সোমবার ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এদিকে সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও মাঠের পরিস্থিতিতে এখনো উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুধু ইরান নয়, ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
