লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্কে টানাপোড়েন, দাবি মার্কিন কূটনীতিকের

লেবাননকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছিল বলে দাবি করেছেন লেবানানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা।

ছবি: সংগৃহীত

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লেবানন প্রশ্নে দুই নেতার মধ্যে মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা প্রায় প্রকাশ্য দ্বন্দ্বের রূপ নিয়েছিল।

মিশেল ইসার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প নিয়মিত লেবানন পরিস্থিতির খোঁজখবর রাখছিলেন এবং সেখানে সংঘাত আরও বিস্তৃত হোক, তা চাননি। তিনি জানান, লেবাননকে ঘিরে চলমান সংকট মোকাবিলায় ওয়াশিংটন সংযত অবস্থান গ্রহণের চেষ্টা করেছে।

এদিকে বৈরুতে ইসরায়েলের সামরিক অভিযান এবং এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে বৃহত্তর আঞ্চলিক সংকটের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মিশেল ইসাও ইঙ্গিত দিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলো কেবল সামরিক সংঘাত নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও বহন করছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় না মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন কোনো মাত্রা পাক। সে কারণেই ওয়াশিংটন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে সংঘাতের বিস্তার রোধ করা এবং লেবাননসহ পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। মিশেল ইসার মতে, এ লক্ষ্য অর্জনে সব পক্ষের সংযম ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।


সূত্র: আলজাজিরা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন